নজর২৪, ঢাকা- খালেদা জিয়া আমাদের কাছে অনুপ্রেরণা। খালেদা জিয়া হচ্ছেন ব্যাবিলনের বংশীবাদক। যিনি বাইরে বাঁশি বাজাতে শুরু করলে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসবেন। এজন্য তাকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে, এখনো তিনি গৃহবন্দি।
রোববার (৬ জুন) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে প্রয়াত জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের বর্তমান এই ‘অচলাবস্থা’ থেকে দেশকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং জাতীয় ঐক্য সৃষ্টি করে এগুতে হবে। আমরা জাতীয় ঐক্যের জন্য কাজ করছি। সকল রাজনৈতিক দলগুলোকে একখানে করে, জোট না হোক আমরা যুগপত আন্দোলন করতে পারি কিনা সেই চেষ্টা করছি।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদেরকে সব অধিকার ছিনিয়ে নিতে হবে। পাকিস্তান আমলের স্বৈরাচারি সরকার, সামরিক সরকারের মধ্যেও যে মূল্যবোধ ছিলো তা আজকে সো-কল্ড গণতন্ত্রের সরকারের সেই গুনাবলী নাই। ওরা একধরনের মানসিক বিকলাঙ্গ। অর্থাৎ অন্যের কষ্ট দেখে যে হাসতে পারে তার নাম হলো এই সরকার।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ১৫ দিনের কর্মসূচির প্রসঙ্গ টেনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির নেতৃবৃন্দকে বলব, জিয়ার জন্য ১৫দিনের কর্মসূচি বাদ দিয়ে ওই ১৫দিন খালেদা জিয়ার জন্য রাস্তায় থাকেন, আবার জামিনের আবেদন করেন, আদালতে ১০ হাজার লোক অবস্থান নেন।
তিনি বলেন, এখন খালেদা জিয়াই আপনাদের বাঁচাতে পারে, খালেদা জিয়াই আপনাদের ক্ষমতায় নিতে পারে, খালেদা জিয়াই তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। আর কেউ পারবে না। ওইখান থেকে বইসা তারেক রহমান ওহি পাঠাইয়া লাভ হবে না। তার মায়ের মুক্তির কথা ছাড়া আর কোনো কথা তার মুখে আসা উচিত না।
