Home প্রধান খবর আবারও পিছিয়ে গেল, ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না

আবারও পিছিয়ে গেল, ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না

0
87

নজর২৪, ঢাকা- ১৩ জুন থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আশাবাদ জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা আর সম্ভব হচ্ছে না।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মানুষের চলাচল ও সার্বিক কার্যক্রমে চলমান বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর ফলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না।

 

করোনা সংক্রমণের কারণে এক বছরের বেশি সময় ধরে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এই প্রেক্ষাপটে গত ২৬ মে শিক্ষামন্ত্রী বলেছিলেন, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

 

তবে রোববার (০৬ জুন) বিকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, বিধিনিষেধ বাড়ার কারণে ঘোষিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না। পরবর্তীকালে আলোচনা করে সময় জানানো হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে নামা জরুরি। কিন্তু রোববার সরকার চলমান লকডাউন আগামী ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের সঙ্গে বসে স্কুল-কলেজ খোলার বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেয়া হবে।’

 

প্রসঙ্গত, করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এরপর দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। দীর্ঘ ছুটির কারণে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here