শুটিং সেটে ঘনিষ্ঠতা, ৬ মাস ধরে নুসরাতের ফ্ল্যাটেই থাকছেন যশ

বিনোদন ডেস্ক- নিখিল-নুসরাত-যশ, গত ৬ মাস ধরেই এই তিন তারকার জীবনের সুতোগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে। প্রেম, বিয়ে, বিচ্ছেদের একাধিক ঘটনা বার বার প্রকাশ্যে চলে এসেছে। কিন্তু এবারে সাংসদ ও অভিনেত্রীর জীবন সব থেকে উল্লেখযোগ্য মোড় নিলো। তিনি মা হতে চলেছেন। নেটমাধ্যমে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ‘সন্তানের জন্মদাতা কে’?

 

প্রেম করে বিয়ে অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান এবং ব্যবসায়ী নিখিল জৈনের। ২০১৯ সালে তুরস্কে গিয়ে বিয়ে করছিলেন তারা। যদিও বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। ক্রমশ নিখিলের ব্যবসার মুখ হয়ে উঠেছিলেন অভিনেত্রী। নিখিলও স্ত্রীকে খুশিতে ভরিয়ে রাখতেন। এই সম্পর্কের জন্য নিখিল তার পরিবারের সঙ্গে লড়াইও করেছিলেন।

 

বিয়ের কয়েক মাস পরেই আচমকা শোনা যায়, নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুঞ্জন, নিখিলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। তবে নুসরাত জানিয়েছিলেন, সে সব গুজব। তার শরীর খারাপ হয়েছিলো, তাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

 

কিন্তু দাম্পত্যের তাল কাটতে বেশি দিন লাগেনি। তার মাঝেই প্রেমে পড়েন নুসরাত। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জুড়লো তার। তার আগে থেকেই পর্দায় দু’জনের সমীকরণ নিয়ে দর্শকদের মধ্যে মাতামাতি ছিলো। পর্দার প্রেম ধীরে ধীরে বাস্তবে পরিণত হলো। একসঙ্গে ছবিতে কাজ করতে গিয়েই যশের প্রেমে পড়েন নুসরাত।

 

২০১৭ সালে যুগলের প্রথম ছবি— ‘ওয়ান’। তখন থেকে তাদের আলাপ, বন্ধুত্ব। তার পর ২০২০ সালে ‘এসওএস কলকাতা’র শুটিংয়ের সময় থেকে ঘনিষ্ঠতা বাড়ে যশ এবং নুসরাতের মধ্যে। যশের সঙ্গে অজমের দরগাতে গিয়েছিলেন নুসরাত। এরপর মদন মিত্রের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরেও দেখা যায় ‘যশরত’-কে।

 

এরপরে দ্রুত বদলে যেতে থাকে নিখিল-নুসরাতের সম্পর্কের সমীকরণ। নুসরাত বালিগঞ্জের ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন। যশ এখন বেশির ভাগ সময় ওই ফ্ল্যাটেই নুসরাতের সঙ্গে সময় কাটান।

 

স্বামী নিখিল জৈনের সঙ্গে দাম্পত্যে ফাটল ধরে। এখন প্রায় ৬ মাস একসঙ্গে থাকেন না তারা। নুসরাতের সঙ্গে যশের ঘনিষ্ঠতাকে ‘নোংরামি’ বলেও কটাক্ষ করা হয়েছিলো তখন। সেই আক্রমণের রেশ এখনো কাটেনি। রাজনৈতিক দায়িত্ব বা পোশাক নিয়ে তো বটেই, যশের সঙ্গে নাম জড়িয়ে বার বার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

 

কিন্তু তাদের প্রেমের গুঞ্জনে নয়া মোড় এলো বিধানসভা নির্বাচনের সময়ে। তৃণমূল সাংসদ নুসরাত সঙ্গে প্রেম করাকালীন সবাইকে চমকে দিয়ে আচমকাই বিজেপিতে যোগ দেন যশ। বিধানসভা ভোটে লড়াইও করেন। যদিও জিততে পারেননি। কিন্তু তাতে যুগলের সম্পর্কে কোনো আঁচ পড়েনি। নির্বাচনী প্রচারের মাঝে তারা ‘ডেট’-এও গিয়েছেন।

 

বেশ কয়েক দিন হলো যশ ও নুসরাত নিজেদের প্রেম কাহিনি সামনে আনতে শুরু করেছেন। নেটমাধ্যমে একে অপরের তোলা ছবি দেওয়া থেকে শুরু করে একই ছবি নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া থেকেই বোঝা যায় সময়ের সঙ্গে সম্পর্ক নিয়ে লুকোছাপার জড়তা কেটেছে।

 

শুক্রবার (৪ জুন) নুসরাতের জীবনের সুখবর ছড়িয়ে পড়ে। জানা যায়, তিনি মা হতে চলেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠমহলের খবর, এক মাসের অন্তঃসত্ত্বা তিনি। খবর ছড়িয়ে পড়ার পরে নুসরাত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে’।

 

অভিনেত্রী এখনো এ বিষয়ে নিজে কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

 

অন্য দিকে নিখিল জানিয়েছেন, এই সন্তানের জনক তিনি নন। তার কথায়, ‘‘এখন যে নতুন সঙ্গীর সঙ্গে ও আছে, তার সঙ্গেই ভালো থাক। ঈশ্বর ওদের মঙ্গল করুন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *