আওয়ামী লীগের মনোনয়ন পেলেই এমপি! সুযোগ হারাতে চায় না কেউ

নজর২৪ ডেস্ক- আসন্ন জাতীয় সংসদের তিন আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেই সংসদ সদস্য নির্বাচিত হওয়া যাবে বলে ধরে নিয়েছেন দলটির মনোনয়নপ্রত্যাশীরা। তাঁরা মরিয়া হয়ে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে চলেছেন তাঁরা। তিনটি আসনেই থানা, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতারাও প্রার্থী হতে চাইছেন।

 

এর সঙ্গে মনোনয়ন দৌড়ে যুক্ত হয়েছেন প্রয়াত সংসদ সদস্যদের পরিবারের সদস্য এবং অনেক প্রভাবশালী ব্যবসায়ীরাও। ফলে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

গতকাল শুক্রবার ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এ ফরম বিক্রি চলছে। প্রথম দিনেই গতকাল তিন আসনে ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত ফরম বিক্রি হবে।

 

জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, ‘মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে ঢাকা-১৪ আসনে ছয়টি, কুমিল্লা-৫ আসনে আটটি এবং সিলেট-৩ আসনে সাতটি ফরম বিক্রি হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত আমরা ফরম বিতরণ ও জমা নেব।’

 

আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, ঢাকা-১৪ আসনে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেন এবং স্বচ্ছ ভাবমূর্তি আছে এমন একজন নেতাকে খোঁজা হচ্ছে। রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলী টার্মিনাল এই আসনের মধ্যে পড়ায় এ এলাকা নিয়ন্ত্রণ করতে পারবেন এমন বিবেচনাও মাথায় রাখা হচ্ছে।

 

আসনটিতে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা মনোনয়ন চাইছেন। এ ছাড়া ওই আসনের অন্তর্গত এবং আশপাশের থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও মনোনয়নপ্রত্যাশী। গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যবসায়ীও এই আসনে প্রার্থী হতে আগ্রহী। গতকাল এ আসনের জন্য ছয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

এর মধ্যে রয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল হক হ্যাপি।

 

এদিকে ঢাকা, সিলেট ও কুমিল্লায় শূন্য তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি না থাকায় দলে মনোনয়ন প্রত্যাশীদের ‘দৌড় বেড়ে গেছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

 

ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনেরর উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের প্রসঙ্গ ধরে ওবায়দুল কাদের বলেন, “এবার মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীর সংখ্যা অনেক। খুব একটা অসুবিধা নেই, এই কথা মনে করে অনেকেই আবার প্রার্থী হচ্ছেন।

 

“পায় আর না পায় প্রার্থী হতে চায়। কারণ বিএনপি নেই শুনেছে। সেই জন্য প্রার্থিতার দৌড়ও বেড়ে গেছে।”

 

মহামারীর কারণে আটকে থাকা শূন্য এই তিনটি আসনের উপনির্বাচনে ১৪ জুলাই ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, সংসদীয় এসব আসনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ জুন। বিএনপি উপনির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে।

 

ওবায়দুল কাদের জানান, মনোনয়ন দেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা না হলেও তিনি ‘সাধারণ কিছু দিক নির্দেশনা’ দিয়েছেন।

 

“আমি ত্যাগী ও পরীক্ষিত কাউকে মনোনয়ন দেব। যারা জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য এবং দুঃসময়ে ছিলেন, এমন একটি ধারণা তিনি আমাকে দিয়েছেন।

 

“এখানে গোয়েন্দা রিপোর্ট থাকবে। দলীয়ভাবেও রিপোর্ট নেওয়া হচ্ছে। নেত্রীরও নিজস্ব একটি টিম আছে। সেই টিম দিয়ে তিনি মাঠ পর্যায়ে খোঁজ খবর নিচ্ছেন। আশা করি আমরা যথাযথ ব্যক্তিকে মনোনয়নটা দিতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *