সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামী হযরত আলী ধুল্লাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। হযরত আলী উপজেলার চালাপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে।
শুক্রবার ৪ জুন দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গ্রেফতারী পরোয়ানামূলে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে চালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, হযরত আলী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বিক্রি করতো। তারই ধারাবাহিকতায় ২০১৫ সালের প্রথম দিকে নিজ এলাকায় মাদকদ্রব্য বিক্রয়কালে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ধুনট থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় হযরত আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
আদালত মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্য পরিচালনা করেন। বিচারক ২৫ মে হযরত আলীর বিরুদ্ধে ৮মাসের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা ধার্য্য করেন। তবে জরিমানার টাকা পরিশোধ না করলে আরো ৭দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। দন্ডাদেশ পাওয়ার পর মাদক ব্যবসায়ী হযরত আলী পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে আসলে তাকে গ্রেফতার করা হয়।
