নজর২৪, বগুড়া- বগুড়ায় দলীয় কর্মসূচি পালনকালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও বাকবিতন্ডার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ জুন) দুপুরে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বগুড়া জেলা ছাত্রদল শহরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে।
এ সময় ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে নেতাকর্মীদের মাঝে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান জানান, ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে দুই পক্ষের সঙ্গে বসে সমস্যা সমাধান করা হয়েছে।
বগুড়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ জানান, বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ব্যানারে দাঁড়ানোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারপিট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
