শাস্তি না হওয়ায় ধর্ষণ-ভিডিওধারণ বাড়ছে: হাইকোর্ট

নজর২৪, ঢাকা- দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী নির্যাতন, ধর্ষণ করে ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

 

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন ও সেই ভিডিও ছড়িয়ে দেয়ার মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ মন্তব্য করে।

 

আদালত বলে, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ীদের বিরুদ্ধে সাজা দেয়ার হার কম। ধর্ষণ ও নির্যাতন করে ভিডিও ছড়িয়ে দেয়া হলে নির্যাতনের শিকার নারী এবং তাদের পরিবারে বিরূপ প্রভাব পড়ে।

 

এ সময় পর্নোগ্রাফি ও ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় মোবাইল কোর্টের সাজা দেয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী।

 

আদালতে আজ রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আশিক রুবাইয়াত, ব্যারিস্টার সারোয়ার পায়েল।

 

আদালত বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট বেগমগঞ্জ থানার এসআই ও এএসআই দ্বায় এড়াতে পারেন না।

 

হাইকোর্টে আসা প্রতিবেদনের বিষয়ে শুনানি শুরু হয়েছে আজ। শুনানি শেষ না করে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১০ জুন) দিন ধার্য করেছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *