নজর২৪, ঢাকা- চেয়ার ছোড়াছুড়ি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে বিএনপিপন্থি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের এক আলোচনা সভায়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেতারাও। ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের হাঙ্গামার সময় তারা বিরক্তিও প্রকাশ করেন।
দলের প্রতিষ্ঠাতা সাবেক সেনা শাসক জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকীকে বুধবার জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনা সভায় হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
আলোচনা সভা শুরু হয় বিকেল তিনটায়। কিছুক্ষণ পরেই সংগঠনের দুটি পক্ষ একে অপরের সঙ্গে তর্কাতর্কিতে জগায়। এক পর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি নজরুল ইসলাম খান। ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আসাদুজ্জামান খান রিপন, বিএনপি প্রচার সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুর বারী হেলাল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদের নেতা-কর্মীদের বিশৃঙ্খলায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘যদি সুশৃঙ্খল না হন তাহলে ক্ষমতায় আসলে আপনারা চালাতে পারবেন তো? একটু আগে যা দেখলাম! আমি তো বলছি, আমি লেবার মানুষ ভাই। আপনারা তো কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা ছেলে-মেয়ে। আপনাদের আচরণ এমন হবে কেন?’
ছাত্রদল কর্মীদের সুশৃঙ্খল হতে আহ্বান জানিয়ে বলেন, আপনারা তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা ছেলেমেয়ে। সুশৃঙ্খল হবেন না কেন? আপনারা যদি সুশৃঙ্খল না হয়ে দলকে শক্তিশালী না করেন, আমরা মরে গেলেও স্মরণ করার কেউ থাকবে না। জিয়াউর রহমানের কথা কে স্মরণ করবে, খালেদা জিয়ার কথা কে স্মরণ করবে? তারেক রহমানকে কারা দেশে ফিরিয়ে আনবে?
সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়, জিয়াউর রহমানকে ভয় পায়, খালেদা জিয়াকে ভয় পায় এবং তারেক রহমানকে ভয় পায়। কারণ হচ্ছে, তারা যেসব জায়গায় ব্যর্থ হয়েছে বিএনপি সেগুলোতে সফল হয়েছে। বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে, দেশ বিরোধী কার্যক্রমের সঙ্গে আপস করেনি। জনগণের স্বার্থ নিয়ে আপস করেননি খালেদা জিয়া। বিএনপি ষড়যন্ত্র করে কখনো ক্ষমতায় যায়নি। যেটা বর্তমান ক্ষমতাসীন সরকার করছে। তারা ওয়ান-ইলেভেন থেকে শুরু করে জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে, দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের স্বার্থকে বিসর্জন দিয়েছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিম, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, ছাত্রদলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
