অবশেষে নতুন কমিটি ‘চূড়ান্ত’ করলেন বাবুনগরী, দায়িত্বে থাকবেন শফীর ছেলে

নজর২৪, ঢাকা- ধর্মভিক্তিক সংগঠন হেফাজতে ইসলামের নতুন কমিটি করছেন জুনায়েদ বাবুনগরী। যেখানে প্রয়াত আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকেও রাখা হচ্ছে।

 

হেফাজতের দায়িত্বশীল সূত্র জানায়, নতুন কমিটি অনেকটাই চূড়ান্ত। এবারের কমিটির আকার হবে ছোট, ৩০ থেকে সর্বোচ্চ ৪০ সদস্যের। কমিটিতে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন নেতাদের রাখা হচ্ছে না। হেফাজতের বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করতে পারেন। কমিটি চূড়ান্ত করার আগে সরকারি মহলের মতামত নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

 

একই সূত্র জানায়, জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জেহাদিকে মহাসচিব করে হেফাজতের নতুন কমিটি করা হচ্ছে। তবে সাংগঠনিক সম্পাদক পদে মীর ইদ্রিস ও প্রচার সম্পাদক পদে মহিউদ্দিন রাব্বানীকে রাখা হয়েছে। মীর ইদ্রিস বিলুপ্ত কমিটিতে যুগ্ম মহাসচিব, আর মহিউদ্দিন রাব্বানী কেন্দ্রীয় সদস্য ছিলেন।

 

মহিউদ্দিন রাব্বানী গতকাল গণমাধ্যমকে বলেন, তাঁকে প্রচার সম্পাদক পদে রাখা হচ্ছে এমন তথ্য তিনি এখনো জানেন না।

 

বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জিসহ যাঁরা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাঁরা নতুন কমিটিতে পদ পাচ্ছেন না বলে জানা গেছে।

 

জানা গেছে, নতুন কমিটিতে নায়েবে আমির পদে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক মোমেনশাহী, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর), মাওলানা মুহিবুল হক (গাছবাড়ি), মাওলানা আব্দুল কুদ্দুসকে (ফরিদাবাদ মাদ্রাসা) রাখা হচ্ছে। যুগ্ম মহাসচিব পদে রাখা হয়েছে মাওলানা সাজেদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা আবদুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা আরশাদ রহমানী (বসুন্ধরা), মাওলানা আবু তাহের নদভী (পটিয়া) ও মাওলানা মো. ইউসুফ (আহমদ শফীর বড় ছেলে)। এ ছাড়া মহিববুল্লাহ বাবুনগরীকে প্রধান করে একটি উপদেষ্টা কমিটি এবং পৃথক খাস বা বিশেষ কমিটি করা হয়েছে।

 

এ বিষয়ে যোগাযোগ করে হেফাজতের বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী ও সদস্যসচিব নুরুল ইসলাম জেহাদির বক্তব্য পাওয়া যায়নি। তবে যুগ্ম মহাসচিব পদে রাখা মাওলানা সাজেদুর রহমান নতুন কমিটি গঠনের কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, এবারের কমিটি ৩০ থেকে ৪০ জনের মধ্যে হতে পারে। অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এ কমিটি হবে। হেফাজতে ইসলামকে রাজনীতিমুক্ত করার জন্যই নতুন কমিটি করা হচ্ছে।

 

গত ২৬ এপ্রিল হঠাৎ করে হেফাজতের কমিটি ভেঙে দেন জুনায়েদ বাবুনগরী। কয়েক ঘণ্টার মাথায় জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

 

এর আগে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ২৬ ডিসেম্বর বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্যের কমিটি করা হয়। পরে কমিটি ২০১ সদস্যবিশিষ্ট করা হয়েছে। কমিটিতে আহমদ শফীর ছেলে আনাস মাদানির অনুসারী হিসেবে পরিচিত হেফাজত নেতাদের কাউকে রাখা হয়নি।

 

এদিকে জুনায়েদ বাবুনগরীদের পাল্টা কমিটি গঠনের জন্য আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানির অনুসারীরা প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে কমিটি গঠনের আগে তাঁরা শাহ আহমদ শফীর ‘মৃত্যুর’ ইস্যু নিয়ে সোচ্চার হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *