বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না: মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না বলেন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় সুপ্রিমকোর্ট বার কাউন্সিল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের আমলে আমাদের অসংখ্য নেতা প্রাণ হারিয়েছেন, গুম হয়েছেন, আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা। তারপরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। বিএনপি আছে, চলছে এবং অত্যন্ত সোচ্চার হয়েই আছে। এর মধ্য দিয়েই এই দানবকে পরাজিত করে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য দরকার আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। এর কোনো বিকল্প নেই।

 

নেতাকর্মীদের উদ্দেশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কখনো পিছু ফিরে তাকাবেন না। আর কখনো এই কথা মনে করবেন না- ‘আমরা পারব না’। আমরাই পারব এবং আমরা অবশ্যই জয়ী হব। যে দানব আমাদের অধিকারগুলো হরণ করে নিয়েছে, যে দানব লুণ্ঠনের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, সেই দানবকে পরাজিত করতে হবে।

 

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো কার্যত কারাগারে। আর তিনি কারাগারে বলেই গণতন্ত্র এখন কারাগারে, গণতন্ত্র বন্দি হয়ে আছে। এরপরও আমরা সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারব। গণতন্ত্রকে রক্ষা করার জন্য খালেদা জিয়ার আপসহীন মনোভাবকে পুঁজি করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে যে আন্দোলন-সংগ্রাম চলছে তাকে সফল করতে হবে। এর মাধ্যমেই আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারব এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে পারব।

 

প্রতিহিংসার কারণেই সরকার উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এখনো হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন। এই সরকার প্রতিহিংসাপরায়ণ এবং তাদের পায়ের নিচে মাটি নেই। এজন্য খালেদা জিয়ার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলেও সরকার যেতে দিচ্ছে না।

 

এটা হচ্ছে তাদের দুর্বলতা, তাদের রাজনীতির দেউলিয়াপনা। এই সরকার সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা দুর্নীতিপরায়ন সরকারে পরিণত হয়েছে। এ সরকার অত্যাচারী শাসকে পরিণত হয়েছে, ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *