শেরপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১ জুন মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

 

দেলোয়ার পৌর শহরের কুর্শাবাদাগৈড় দড়িপাড়া গ্রামের হেলাল উদ্দিন আহাম্মদের ছেলে। বিকেলে দেলোয়ারকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা হোসেন তুষি তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী ও দেলোয়ার প্রতিবেশী হওয়ার সুবাদে দেলোয়ার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বিভিন্ন সময়ে তার বাড়ির গোয়ালঘরে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

 

সর্বশেষ গত ৩০ মে রবিবার রাতে দেলোয়ার কিশোরীটিকে তাঁর বাড়ির গোয়াল ঘরে পুনরায় ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কিশোরী তার বাবা-মাকে ধর্ষণের ঘটনাটি খুলে বলে। এরপর প্রতিবেশীদের সহায়তায় ভুক্তভোগী কিশোরী তার অভিভাবকদের নিয়ে মঙ্গলবার দুপুরে নকলা থানায় গিয়ে নিজেই বাদী হয়ে দেলোয়ার হোসেনকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে।

 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর গ্রেফতার দেলোয়ারকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার জেলা সদর হাসপাতালে ধর্ষণের শিকার কিশোরীর ডাক্তারী পরীক্ষা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *