ছাত্রলীগকে উত্তম জবাব দেওয়া হবে: ইকবাল হোসেন শ্যামল

নজর২৪, ঢাকা- ছাত্রলীগকে উত্তম জবাব দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। মঙ্গলবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন।

 

ইকবাল হোসেন শ্যামল বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে ছাত্রলীগ সন্ত্রাসী হামলা চালিয়েছে এরা কখনও ছাত্র সংগঠন হতে পারে না। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং এর জন্য ছাত্রলীগকে উত্তম জবাব দেওয়া হবে।

 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, এ ক্যাম্পাস (ঢাবি) শুধুমাত্র ছাত্রলীগের নয়, এটা আমাদেরও ক্যাম্পাস। ছাত্রদলের ওপর হামলা চালালে ছাড় দেব না। এই ক্যাম্পাসে আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না, ছাত্রলীগকে রুখে দেওয়া হবে।

 

সমাবেশে ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, টিএসসিতে ছাত্রলীগ আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই এবং বিচার দাবি করছি।

 

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষির্কী উপলক্ষে শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হতে থাকেন। সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা ‘অতর্কিত হামলা’ চালায়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

এ হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের টিএসসি গেট থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়ে সমাবেশ করে ছাত্রদল। সেখানেই তারা হুঁশিয়ারি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *