কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল ‘মুজিববর্ষের উপহার’ আশ্রয়ন প্রকল্পের ঘর

নজর২৪, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন বেশ কয়েকটি ঘরের দেয়াল এবং মেঝে ধসে গেছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে যাওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করছেন সুবিধাভোগী পরিবারগুলো।

 

রোববার উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা (বগারচর) নামক এলাকায় আশ্রয়ন প্রকল্পের এসব ঘর ভেঙে পড়ার ঘটনা ঘটে।

 

স্থানীয়রা অভিযোগ করছেন, প্রকল্পের কাজে দুর্নীতি করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায়ই এত অল্প সময়ে ঘরগুলো ভেঙে পড়েছে। এসব ঘর যাদের জন্য নির্মাণ করা হচ্ছে, তারা কেউ কেউ পরে এসব ঘর ‘মাথায় ভেঙে পড়ার’ আশঙ্কাও করছেন।

 

রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে ‘ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন প্রকল্পের (আশ্রয়ণ প্রকল্প-২) আওতায় দাঁতভাঙ্গা ইউনিয়নে ৩৫টি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। প্রথম ধাপে নয়টি ঘর দেওয়া হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ছিল এক লাখ ৭১ হাজার টাকা।

 

দ্বিতীয় ধাপে ২৬টি ঘর দেওয়া হয়েছে। এগুলোর প্রতিটির নির্মাণের ব্যয় ধরা হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা। ইতিমধ্যে নয়টি ঘর নির্মাণ শেষে সুবিধাভোগীদের হস্তান্তর করা হয়েছে। বাকিগুলোর কাজ চলছে।

 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, যে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মেরামত করে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কাজ শুরু করা হয়েছে। মূলত মাটির কারণে এমনটি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *