রাষ্ট্রীয় মর্যাদায় মীর আনিসুল হক পেয়ারার দাফন সম্পন্ন

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক মীর আনিসুল হক পেয়ারার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১২টায় মাহিগঞ্জ কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে মাহিগঞ্জ শাহী মসজিদ প্রাঙ্গনে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

 

জানাজার নামাজ শেষে সেখানে মীর আনিসুল হক পেয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পার্ঘ্য অপর্ণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন। এর আগে রোববার সন্ধায় তিনি রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

১৯৩৬ সালে জন্ম নেয় মীর আনিসুল হক পেয়ারা। মাহিগঞ্জের আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে তাঁর কর্ম জীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে সম্পৃক্ত করেন।

 

জেলা স্কাউট কমিশনার হিসেবে তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করেন এবং স্কাউটের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি রাষ্ট্রপতির “রৌপ্য ব্যাঘ্র” পদক লাভ করেন। তিনি একাধারে ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক।

 

মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। মীর আনিসুল হক পেয়ারা রঙ্গপুর গবেষনা পরিষদ, লেখক সংসদ, রঙ্গপুর সাহিত্য পরিষদ, সারথী একাডেমিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *