জনপ্রিয়তা বাড়াতে ভুল করেছি: মাদানি

নজর২৪ ডেস্ক- ‘দেশের রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী মানি না’- জনপ্রিয়তা বাড়াতে ওয়াজ মাহফিলে এ ধরনের বক্তব্য দিতেন বলে স্বীকার করেছেন ‘শিশুবক্তা’ হিসেবে রফিকুল ইসলাম মাদানী।

 

গাজীপুরের গাছা থানায় র‌্যাব-১ এর করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের আদালতে শুক্রবার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এসব কথা বলেন।

 

পরে র‌্যাব-১ এর অধিনায়ক আব্দুল মোত্তাকীম সংবাদমাধমকে বলেন, ‘মাদানী সাহেব ওয়াজ করে টাকা ইনকাম করে। মুখরোচক কথা বললে নিজের প্রচারণা বাড়বে, এজন্য তিনি এসব কথা বলতেন। তিনি ভুল স্বীকার করেছেন। এসব কথা বললে জনপ্রিয়তা আরও বাড়বে, এজন্য এসব কথা বলতেন।’

 

গত ৭ এপ্রিল নেত্রকোণা থেকে আটক হন রফিকুল ইসলাম মাদানী। আটকের পর ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলাসহ বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা হয় তার বিরুদ্ধে। এসব মামলায় এরই মধ্যে কয়েক দফা রিমান্ডেও নেয়া হয়েছে মাদানীকে।

 

র‌্যাব-১ এর করা মামলার অভিযোগে বলা হয়, মাদানী বিভিন্ন সময়ে দেশ ও সমাজের জন্য উসকানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলাসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন।

 

মাদানী বাংলাদেশের স্বার্থপরিপন্থি বিভিন্ন অপতৎপরতায় লিপ্ত। ধর্মীয় অর্থাৎ কোরআন-হাদিসের অপব্যাখ্যা দেয়ার মাধ্যমে সাধারণ মানুষকে উসকানি দিয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট করতে উদ্বুদ্ধ করেন।

 

মাদানী তার ওয়াজে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের প্রতি শত্রুতামূলক মনোভাব ও সরকারের প্রতি ঘৃণা সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রদান করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন বলেও অভিযোগ করা হয় এজাহারে।

 

মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ হিসেবে গত ১০ ফেব্রুয়ারি গাজীপুরের বোর্ড বাজার এলাকার একটি ওয়াজের বক্তব্যকে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *