সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া হলদীবাড়ি রেল গেইট এলাকায় বজ্রপাতে শুক্রবার দুুপুরে জাহাঙ্গীর আলম মাষ্টার নামের এক যুবক নিহত হয়েছেন।
কাউনিয়া বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে আরো জানাগেছে, শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে হলদীবাড়ি রেল গেইট এলাকায় আব্দুল মান্নান সরকার (দুলাল) মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম তার বর্গা নেয়া জমি থেকে মিষ্টি কুমড়া তোলার সময় কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশ থেকে মুষলধারে বৃষ্টির সময় বজ্রপাত ঘটলে সে ঘটনা স্থলেই প্রাণ হারায়।
তার পৈতৃক নিবাস বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামে হলেও সে একাকী কাউনিয়ার হলদীবাড়ি মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থেকে জমি বর্গা নিয়ে সবজি চাষ ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করে আসছে। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
