নার্সকে মারধর: রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সকে মারধরের অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মেহেদী হাসান শাফিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় আহত নার্সের স্বামী শফিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।

 

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিকেলে আদালতের মাধ্যমে মেহেদী হাসানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

জানা গেছে, রংপুর নগরীর ধাপ হাজীপাড়া এলাকার বাসিন্দা রমেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোকেনা বেগমের (৪৩) সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশী মেহেদী হাসান শাফির (৩২) বিরোধ চলে আসছিল। বাড়ি নির্মাণে ৩ ফুট জায়গা ছেড়ে দেওয়ার কথা থাকলেও মেহেদী প্রভাব খাটিয়ে কোনো জায়গা না ছেড়ে দিয়ে মোকেনার বাড়ি ঘেঁষে তার ভবন নির্মাণ করেছেন।

 

সম্প্রতি নির্মিত ভবনের দেয়াল রং করার জন্য মোকেনার বাড়িতে ঢুকতে চাইলে তিনি আপত্তি জানান। এ নিয়ে সোমবার মোকেনাকে অভিযুক্ত মেহেদী হাসান ইট নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে ইটের আঘাতে মোকেনার মুখ থেঁতলে গিয়ে দাঁত ভেঙে যান। প্রচুর রক্তক্ষরণ হওয়াতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মোকেনা। পরে হাসপাতালে ভর্তি করা হয়।

 

মোকেনার স্বামী শফিউল ইসলামের অভিযোগ, সোমবার (২৪ মে) সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার সময় নার্স মোকেনাকে পথরোধ করে মেহেদী ইট দিয়ে এলোপাতাড়ি ঢিল ছুড়েন। এতে মোকেনার আঘাতপ্রাপ্ত হয়। তার স্ত্রীর দাঁত ভেঙে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়।

 

ওসি আব্দুর রশিদ জানান, অভিযোগের ভিত্তিতে আসামি মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতে নেওয়া হয়। বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *