অলিম্পিকে সুযোগ পাওয়ায় শেরপুরের সন্তান এ্যাথলেট জহিরকে সংবর্ধনা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: আগামী ২৩ জুলাইয়ে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিক গেইমস-এ ৪শ মিটার ইভেন্টে সুযোগ পাওয়া শেরপুরের কৃতি সন্তান অ্যাথলেট জহির রায়হানকে এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৫ মে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে জহিরকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

 

ওইসময় তিনি জহিরের সাফল্য কামনা করে বলেন, জহির এলাকা ও দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের হয়ে এখন বিশ্বে খেলাধূলার সবচেয়ে বড় অঙ্গনে অংশ নিচ্ছে। সেখানে এটি অবশ্যই জহির ও শেরপুরবাসীর জন্য গর্বের বিষয়। ওইসময় জহিরের ক্রীড়া সরঞ্জামাদি কেনার জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন।

 

সেইসাথে ভবিষ্যতেও তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনার জবাবে জহির জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অলিম্পিকে ভালো ফলাফল করার জন্য দোয়া কামনা করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুরের বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল ইসলাম, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও মহিউদ্দিন সোহেল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, ফুটবল কোচ সাধন বসাক, জহিরের বড় ভাই শাহরিয়ার আহমেদ রাসেলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ থেকে টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার জন্য একজন অ্যাথলেট মনোনয়নের জন্য ফেডারেশনকে চিঠি দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সিলেকশন কমিটি কর্তৃক মনোনয়নের জন্য বাছাইকৃত তিনজনের নাম প্রস্তাবনায় ছিল।

 

প্রস্তাবিত তিনজনের মধ্যে মো. জহির রায়হানের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরমেন্সের ভিত্তিতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সিলেকশন কমিটি গেমসে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন। মো. জহির রায়হান ৪০০ মিটারে ৪৬.৮৬ সেঃ সময় নিয়ে দেশীয় আসরে রেকর্ড গড়েছেন। এছাড়া ওয়াল্ড ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ-২০১৭, নাইরোবি, কেনিয়া ও এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ-২০১৭, থাইল্যান্ড এ ৪০০মি. ইভেন্টে অংশগ্রহণ করে হিটে উত্তীর্ণ হয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।

 

এছাড়া সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশীপ শ্রীলঙ্কা-২০১৮, ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ ২০১৯, দোহা, কাতারে অংশগ্রহণ, ২৩তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ ২০১৯, দোহা, কাতার এবং ১৩তম সাউথ এশিয়ান গেমস-২০১৯, কাঠমান্ডু, নেপালে অংশগ্রহণ করেছেন জহির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *