শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে জসিম উদ্দিন (২৩) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। এসময় আরো ছয় জন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়া কাটা এলাকায় নির্মাণাধীন মসজিদ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার রফিক আহমদের ছেলে। আহতরা হলেন, বারবাকিয়া ইউনিয়নের জালিয়া কাটা এলাকার নুরুল আজিমের ছেলে আব্দুস সালাম (১৮), একই এলাকার আবুল বশরের ছেলে আব্দুল জব্বার (২৮) ও মৃত নুর আহমদের ছেলে খায়রুল বশর (৪৫)।
আহত অপর তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ মফিজ বলেন, পূর্ব জালিয়া কাটা জামে মসজিদের ছাদের নির্মাণ কাজ করার সময় অসাবধানতা বশত একটি লোহা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে নির্মাণাধীন ছাদের প্রায় পুরো অংশ বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, নিহত শ্রমিক জসিম উদ্দিন প্রধান বিদ্যুৎ লাইনের সাথে জড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে। অপর শ্রমিকরা তার সাথে জড়িয়ে আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, নিহত শ্রমিক জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।





