Home আলোচিত মামুনুলের রিসোর্টকাণ্ডে গ্রেপ্তার হেফাজত নেতার মৃত্যু

মামুনুলের রিসোর্টকাণ্ডে গ্রেপ্তার হেফাজত নেতার মৃত্যু

0
147

নজর২৪ ডেস্ক- মামুনুল হকের রিসোর্টকাণ্ডের ঘটনায় গ্রেফতারের পর কারাগারে থাকা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সহসভাপতি ইকবাল হোসেন রাজধানীর মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ।

 

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান, ইকবাল গত ১১ মে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক তাকে কেন্দ্রীয় কারাগারের অধীনে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।

 

ইকবাল হোসেনের বড় মেয়ে মাহবুবা জানান, দুপুর ৩টায় বাবা মারা গেছেন। তাকে বিনা অপরাধে ধরে এনে এভাবে মেরে ফেলা হলো। আমাদের সকালে জানানো হয়েছে তিনি খুব অসুস্থ। এখানে এসে আমরা দেখি তিনি ইতোমধ্যে আইসিইউ সাপোর্টে রয়েছেন। তাকে ৩টায় মৃত ঘোষণা করা হয়।

 

ইকবাল হোসেনের বাড়ি সোনারগাঁ উপজেলার উদুমগঞ্জ এলাকায়। তিনি হেফাজতে ইসলামের পাশাপাশি মামুনুল হকের দল খেলাফত মজলিসের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।

 

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমামও ছিলেন ইকবাল হোসেন।

 

গত ১১ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার জুরাইন রেলগেট বাজার মসজিদের সামনে থেকে ইকবাল হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরের দিন তাদের পুলিশের কাছে হস্তান্তর করে আদালতে পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here