বাবুনগরী-মামুনুলের বিরুদ্ধে দুর্নীতির খোঁজে দুদক

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকসহ অর্ধশত নেতার বিরুদ্ধে সংগঠনের তহবিল আত্মসাত ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ইতোমধ্যে দুদকের পরিচালক আকতার হোসেন আজাদের নেতৃত্বে হেফাজতের অর্ধশত নেতার সম্পদ অনুসন্ধানে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, নূরুল হুদা, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইদুজ্জামান ও উপসহকারী পরিচালক শহীদুর রহমান।

 

দুদক সূত্রে জানা গেছে, বাবুনগরী ও মামুনুলসহ হেফাজতের অর্ধশত নেতাদের বিরুদ্ধে সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজের জন্য আসা বিদেশি সহায়তা আত্মসাতের অভিযোগ উঠেছে। যাচাই-বাছাইয়ে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানে নেমেছে দুদক।

 

এর আগে গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট হেফাজত নেতা জুনায়েদ বাবুনগরী, নূর হুসাইন কাসেমী, মামুনুল হকসহ ৫৪ নেতার ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য যাচাই-বাছাইয়ের প্রতিবেদন দুদকে পাঠালে এই অনুসন্ধান শুরু করে দুদক।

 

অভিযুক্তদের মধ্যে রয়েছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ।

 

হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে সংগঠনের তহবিল, বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের অর্থ এবং ধর্মীয় কাজে দেশে আগত বৈদেশিক সহায়তা আত্মসাতের অভিযোগ রয়েছে। সংগঠনটির কয়েকজন শীর্ষ নেতা দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন ও অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে অর্থ পাচারও করেছেন।

 

এরই মধ্যে হেফাজতে ইসলামের অর্থের জোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বিত্ব পেয়েছে ডিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *