ঝিনাইদহে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ঈদ শুভেচ্ছার গেট ভাঙ্গচুর

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মহেশপুরে উপজেলার ঈদ শুভেচ্ছার গেট ভাঙ্গচুর করা হয়েছে। উপজেলার খালিশপুর বাজারে চুয়াডাঙ্গা সড়কে নির্মিত ঈদ শুভেচ্ছার এই গেটটি রাতের আঁধারে ভাঙ্গচুর করা হয়।

 

এ ঘটনায় মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মিঠুন ওরফে লিটন নামে এক যুবলীগ সদস্য।

 

জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ তার সংসদীয় এলাকায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে খালিশপুর বাজারে গেট নির্মাণ করেছিলেন।

 

যে গেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল সহ নেতাদের ছবি ছিল। কিন্তু তোরণটি ঈদের তিনদিন আগেই কে বা কারা ভেঙ্গে ফেলে।

 

এরপর দ্বিতীয় দফায় গেটটি আবারো নির্মাণ করা হলে ঈদের দিন গভীর রাতে তোরণে ব্যানার গুলো খুলে টুকরো টুকরো করে ময়লার মধ্যে ফেলে দেওয়াহয়। ঈদের পরের দিন শহরের একটি মার্কেটের পিছনে ময়লার মধ্যে বাশ-ব্যনার পাওয়া যায়।

 

ছবিগুলো পা দিয়ে চটকানো এবং কালি দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে আওয়ামী যুবলীগসহ সচেতন আওয়ামী পরিবারের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

অনেকেই দুঃখ করে বলেন ২০০১ সালে যারা বিভিন্ন অফিস থেকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নামিয়ে ভেঙেছে-পুড়িয়েছে, তারাই এ ধরণের অপকর্ম ঘটিয়েছে।

 

এ ব্যাপারে সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ জানান, যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে মেনে নিতে পারেনি, তারাই ২০০১ সালে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজ, বিভিন্ন স্কুল, পোস্ট অফিস, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন ব্যাংক থেকে ছবি নামিয়ে ভেঙেছিল এবং পুড়িয়েছিল।

 

সেই তারাই আবার গেট ভেঙে নিজেদের আসল রূপ উম্মোচন করলো। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদের রুখে না দিলে ভবিষ্যত ভয়াবহ হবে ।

 

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঈদ শুভেচ্ছার একটি তোরণ ভাঙ্গচুরের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঈদ শুভেচ্ছার তোরণ ভাঙ্গচুর এটা কাম্য হতে পারে না। খুব দ্রুতই দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে যোগ করেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *