নান্দাইলে সড়ক দুর্ঘটনায় এসিল্যান্ডের গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু

শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল যোগে বাড়ি আসার পথে এসিল্যান্ডের গাড়ি চালক আব্দুল আওয়াল খান সুবল(৩৮) ট্রাক চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে ঘোষপালা আমলীতলা নামক স্থানে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সারোয়ার হোসেন গুরুতর আহত হয়েছেন।

 

নিহত আব্দুল আউয়াল খান সুবল পৌরসভার জোর পুকুরপাড় এলাকার মৃত আব্দুর রব খানের একমাত্র ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুবল খান নান্দাইল চৌরাস্তা থেকে বাজার সদাই করে মোটরসাইকেল যোগে বাড়ি আসার পথে ওই স্থানে একটি দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হলে রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে দেহটি খণ্ডবিখণ্ড হয়ে ঘটনা স্থলেই নিহত হয়। স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক সারোয়ার হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

নিহত আব্দুল আউয়াল খান সুবল দীর্ঘদিন ধরে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র গাড়ি চালক ছিলেন। মৃত্যুর চৌদ্দ দিন পূর্বে তিনি তাঁর ফেইসবুকে দেয়া একটি পোস্ট ‘কিসের এতো অহংকার চোখ বুঝলেই অন্ধকার’ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ভাইরাল হয়েছে।

 

নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় নান্দাইল চৌরাস্তা থেকে জনতা আটক করেছে।

 

সড়ক দুর্ঘটনায় এমন মর্মান্তিক মৃত্যুতে সমবেদনা জানাতে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক ঘটনাস্থল পরিদর্শন করে রাত ১২ টার দিকে নিহত সুবল খানের বাড়িতে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *