যা ঘটছে তার ফল ১৪ দিন পরই পাব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নজর২৪, ঢাকা- সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে ঈদকে সামনে রেখে বাড়িফেরা মানুষের স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে হতাশা প্রকাশ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যা ঘটতে দেখা যাচ্ছে তার ফলাফল আমরা আগামী ১৪দিন পরই পাব। যারা নির্দেশ অমান্য করে নিজেদের ঝুঁকি নিয়ে ভিড়ে গেছেন তারা যেন পরিণতির জন্য সরকারকে কোনোভাবে দায়ী না করেন।

 

শনিবার (৮ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

প্রতিদিন মার্কেটে ভীড়, ফুটপাতে গা ঘেঁষাঘেষি করে কেনাকাটা করার চিত্র, গাদাগাদি করে মার্কহীন অবস্থায় ফেরি পার হয়ে গ্রামের বাড়ি যাওয়ার চিত্র গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। সেইসব ছবি দেখে হতাশাব্যক্ত করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, নিজেদের ভালো আমরা কেউ বুঝতে চাইলাম না। একটু দুরত্ব রেখে দাঁড়ানো আর শতভাগ ডাবল মাস্ক ব্যবহার করলেই সব স্বাভাবিক করে দেওয়া যেত। কিন্তু যা কিছুই নির্দেশনা দেওয়া হয়েছে, মানুষ কোনটিই মানেনি।

 

যখনই আমরা আটকানোর চেষ্টা করেছি তখনই সব খুলে দিয়ে নানা অনুরোধ আন্দোলন হয়েছে। সবাই নিয়ম মানার কথা দিচ্ছে কিন্তু যেই তাদের কথা বিবেচনা করে আমরা উদ্যোগ নিচ্ছি, অমনি তারা কথা রাখছেন না। হতাশার বিষয় হলো এতো দেখেও শিখছি না। মানুষকে নিয়ন্ত্রণের কোনও উপায় আর নেই। বেপরোয়া হয়ে গেছে।

 

তিনি বলেন, এপ্রিল মাসে বিশেষজ্ঞরা বলছিলেন মে মাস নাগাদ আমাদের এখানে সংক্রমণের মাত্রা কমে আসবে। গত কয়েকদিন ঈদকে কেন্দ্র করে যা ঘটতে দেখা যাচ্ছে আগামী ১৪দিন পর আমরা তার ফলাফল পাব। যারা নির্দেশ মানেননি, অমান্য করে নিজেদের রিস্ক নিয়ে ভীড়ে গেছেন তারা যেন তাদের পরিণতির জন্য কোনভাবে সরকারকে দায়ী না করেন। সরকার তার সাধ্যমতো সকল চেষ্টা করেছে,পরিস্থিতি বুঝেই নিষেধাজ্ঞাসহ কঠোর বিধিনিষেধ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *