রিকশা চালকের টাকা ছিনিয়ে নেওয়া তিন পুলিশ বরখাস্ত

নজর২৪, ময়মনসিংহ- ময়মনসিংহের ভালুকায় অটোরিকশাচালক শামীমের সারাদিনের রোজগার করা ৬০০ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় হাইওয়ে পুলিশের তিন সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

 

তাদেরকে গাজীপুর হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদন পেলে আরও কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বাহিনীটি।

 

শনিবার (৮ মে) দুপুরে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আগের সংবাদ পড়ুন-

সারারাত রিকশা চালিয়ে আয় ৬০০ টাকা, পুরোটাই নিয়ে গেল পুলিশ

 

তিনি বলেন, ‘গত ৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টের বিষয়ে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টি আকর্ষণ করে সচেতন এক নাগরিক একটি বার্তা প্রেরণ করেন। বার্তায় উল্লেখ করা হয়, এক অ‌টোরিকশাচালকের সারারাতের আয় ৬০০ টাকা নিয়ে নিয়েছে পুলিশ সদস্যরা।

 

অভিযোগটি গুরুতর হওয়ায় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং তাৎক্ষণিকভাবে বার্তাটি সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারদের কাছে পাঠিয়ে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। সং‌শ্লিষ্ট সকলের সা‌থে যোগা‌যোগ ক‌রে জানা যায়, উল্লিখিত ঘটনাস্থলে নিকটবর্তী হাইওয়ে ফাঁড়ির তিনজন সদস্য দায়িত্বরত ছিলেন। এই ঘটনায় পরবর্তীতে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

 

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের বার্তার প্রেক্ষিতে গাজীপুর হাইওয়ে রিজিয়নের কমান্ডার আলী আহমদ খান বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করেন। একইসাথে, অভিযুক্ত তিন সদস্যকে তাৎক্ষণিক এক অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে তাদেরকে হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।’

 

তিনি জানান, তদন্ত কমিটি এরই মধ্যে সংশ্লিষ্ট রিকশা চালককে খুঁজে বের করে তার সাথে যোগাযোগ করেছে। তাকে সকল প্রকার সহযোগিতা ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেয়া হয়েছে। সকল সাক্ষ্য প্রমাণ, তথ্য উপাত্ত এবং প্রাসঙ্গিক বিষয়াদি বিবেচনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে বিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আগের সংবাদ পড়ুন-

সারারাত রিকশা চালিয়ে আয় ৬০০ টাকা, পুরোটাই নিয়ে গেল পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *