নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তার বর্তমান শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৭ মে) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে যে চিকিৎসা দিয়েছিল সেটি এখনও অব্যাহত আছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।’
খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে কি না বা বিদেশে যাওয়ার মতো তার শারীরিক সক্ষমতা আছে কি না- এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ‘তার বিদেশ যাওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, এটি আপনারা জানেন। সরকার কীভাবে তাকে যাওয়ার অনুমতি দেবে সেটি এখন সরকারের বিষয়।
বর্তমানে তিনি দেশের স্বনামধন্য চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। আপনারা যে প্রশ্নটি করেছেন সেটি এখন রিলেটেড (সম্পর্কিত) না। সরকার অনুমতি দিলে পরবর্তী সময়ে তার মেডিকেল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ২৫ দিন পর বৃহস্পতিবার খালেদা জিয়ার করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না।
বিএনপি নেত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে সরকারের সঙ্গে যোগাযোগ করছে তার পরিবার ও দল। বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে বলে সরকারের তরফেও বলা হয়েছে। এর মধ্যে নতুন পাসপোর্টের জন্য আবেদনও করেছেন খালেদা জিয়া।
