নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে সরকার বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল আলমগীর।
বিদেশে চিকিৎসা করাতে ছোট ভাই শামীম ইস্কান্দারের করা আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছানোর পর বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মহাসচিব।
তিনি বলেন, ‘‘বেগম জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। তার বিদেশ যাওয়া সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।’
মির্জা ফখরুল বলেন, ‘সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তাকে বিদেশে নিতে পরিবারের ইচ্ছার কথা তুলে ধরেছি। পরিবার চায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করছি।’
এ সময় করোনায় মারা যাওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের দশটি পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার তুলে দেন বিএনপি মহাসচিব।





