বগুড়ায় রাস্তার কালভার্ট ভেঙে অবৈধ মাটি বানিজ্য

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে হাসখালী-সরুগ্রাম মেঠোপথে কালভার্টের এক পাশের রেলিং ভেঙে মাটি বানিজ্যের অভিযোগ উঠেছে।

 

মাটিবাহী ট্রাক চলাচল করায় কাঁচা রাস্তাটিও দেবে গেছে। রাস্তায় বড় গর্ত ও খানাখন্দকের সৃষ্টি হয়েছে। ধুলায় এ পথ দিয়ে যাতায়াত করতে এলাকাবাসিকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

 

সরেজমিন দেখা গেছে, উপজেলার হাসখালী-সরুগ্রাম মেঠোপথে প্রায় ১৫ বছর আগে এলজিএসপির অর্থায়নে কালভার্ট নির্মান করা হয়। ওই রাস্তার পাশে উত্তরকান্তনগর মৌজায় প্রায় ৬ বিঘা আয়তনের আবাদি জমি কেটে পুকুর খনন করছেন সরুগ্রামের শাহাদৎ হোসেন নামে এক ব্যবসায়ী।

 

প্রায় তিন মাস ধরে প্রতিদিন ট্রাকে করে মাটি বহন করে বিক্রি করা হচ্ছে ইটভাটা ও বসতবাড়ির মালিকদের কাছে। এসব পরিবহনের চালকদের নেই কোন লাইসেন্স। তারা শ্রমিক থেকে বনে গেছে পরিবহন চালক।

 

চালকের অদক্ষতায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় প্রায় এক মাস আগে কালভার্টের রেলিং ভেঙে পার্শ্ববর্তী ধানক্ষেতে পড়েছে। এছাড়া মাটি বহনের জন্য যে কাঁচা রাস্তা ব্যবহার করা হচ্ছে, সেটার এখন বেহালদশা। মাটি বহন করায় কাঁচা রাস্তার বিভিন্ন স্থানে দেবে গেছে।

 

ট্রাকের চাকার চাপায় রাস্তায় নালার মতো তৈরি হয়েছে। আলগা মাটি থেকে ধুলা ওড়ে। ধুলা জমে থাকায় পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।

 

স্থানীয়রা জানান, মাটিভর্তি গাড়ি চলাচল করায় কাঁচা রাস্তাটি দেবে গেছে। রাস্তার কালভার্টের এক পাশের রেলিং ভেঙে পড়েছে। বড় গর্ত ও খানাখন্দ হওয়ায় ধুলায় এ পথে চলা দুষ্কর। মাটি ব্যবসায়ী প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে প্রশাসনের নিকট কেউ অভিযোগ করতে সাহস পাচ্ছে না। তবে এ বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। তারপরও মাটিবাহী ট্রাক চলাচল বন্ধ হয়নি।

 

কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারেজ আকন্দ বলেন, ইউনিয়ন পরিষদের অর্থে কালভার্ট ও রাস্তা সংষ্কার করে দেওয়া হবে।

 

ব্যবসায়ী শাহাদৎ হোসেন বলেন, কালভার্টের রেলিং আগে থেকেই ক্ষতিগ্রস্থ ছিল। মাটিবাহী ট্রাক চলাচলের সময় রেলিংটি ভেঙে ধানক্ষেতের ভেতর পড়েছে। আর কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহালদশায় পরিণত হয়েছে।

 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, এলাকাবাসির পক্ষ থেকে এ বিষয়টি আমাকে জানানো হয়নি। তারপরও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *