নজর২৪, গাজীপুর- গাজীপুরের টঙ্গীর হিমারদিঘী কেরানীরটেক বস্তি এলাকা থেকে মাদক ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সম্প্রতি সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগের এই নেতা। ভুক্তভোগীর স্ত্রী শিল্পী আক্তার এই ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। সেই মামলায় ও মাদক ব্যবসার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ।
তিনি বলেন, রেজাউলের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
