মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর নতুন বাইপাস আন্ডারপাসের উপর এ মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় কাভার্ডভ্যানে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছে। নিহত কাভার্ডভ্যান চালক সিরাজগঞ্জ সদর উপজেলার সারুটিয়া গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে স্বপন প্রামানিক (৩৫) বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চিনি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩২৭৬) ও সিরাগঞ্জ থেকে ছেড়ে আসা মিনি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম ১৩-১০১৪) মহাসড়কের ঐস্থানে পৌঁছালে ট্রাকের সাথে অপর পাশে থাকা মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক মারা যান।
কাভার্ডভ্যানে আটকে থাকা স্ট্যান্ডার্ড গ্রুপের ইলেক্ট্রিশিয়ান মাসুদ রানাকে (৫৬) গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। আহত মাসুদকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর নিউরো মেডিসিন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, ড্রাইভারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
