Home আলোচিত মামুনুলের ‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্নাকে উদ্ধার করলো পুলিশ

মামুনুলের ‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্নাকে উদ্ধার করলো পুলিশ

0
115

নজর২৪, ঢাকা- হেফাজত নেতা মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

ছেলে ও বাবার দায়ের করা জিডির প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের একটি দল মোহাম্মদপুরের একটি বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করেছে। গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গোয়েন্দা সূত্র জানায়, গত ১১ এপ্রিল জান্নাত আরা ঝর্নার বড় ছেলে আব্দুর রহমান জামি মাকে উদ্ধারের আবেদন জানিয়ে রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এছাড়া মঙ্গলবার (২৭ এপ্রিল) ঝর্নার বাবা মেয়েকে উদ্ধারের জন্য কলাবাগান থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন। এরপরই গোয়েন্দা পুলিশের একটি দল জান্নাত আরা ঝর্নার অবস্থান জানার চেষ্টা করেন।

 

গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মোহাম্মদপুরের একটি বাসায় ঝর্নাকে আটকে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। ওই বাসাটি মামুনুল হকের বোন দিলরুবার বাসা বলে পুলিশ জানিয়েছে।

 

গোয়েন্দা কর্মকর্তারা জানান, ঝর্নাকে উদ্ধারের পর তার আইনগত অভিভাবকের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

 

মামুনুল হক হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, পাশাপাশি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক।

 

হেফাজতের বহুল আলোচিত নেতা মামুনুল হককে ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৮ মামলা রয়েছে।

 

৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীসহ আটক হন মামুনুল হক। ওই নারীকে তিনি ‘দ্বিতীয় স্ত্রী’ হিসেবে দাবি করেন। তবে এ সংক্রান্ত কোনও কাবিনামা দেখাতে পারেননি তিনি।

 

মামুনুল হকের দাবি শরিয়তের বিধি মোতাবেক তিনি ঝর্না নামে ওই নারীকে বিয়ে করেছিলেন। তবে তাকে স্ত্রীর মর্যাদা, সম্পত্তির অধিকার এবং সন্তান ধারণ না করার শর্তে বিয়ে করেছিলেন বলে দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here