Home জাতীয় লকডাউনে সেনাবাহিনী চেয়ে সরকারকে আইনি নোটিশ

লকডাউনে সেনাবাহিনী চেয়ে সরকারকে আইনি নোটিশ

0
74

নজর২৪, ঢাকা- সারা দেশে চলমান ‘কঠোর’ লকডাউন কার্যকর এবং করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন চেয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে বুধবার এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু। নোটিশে বলা হয়েছে, তিন দিনের সময় দিয়ে দাবি বাস্তবায়ন করতে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে।

 

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি করোনার ভয়াল মহামারির হাত থেকে দেশের মানুষের জীবন রক্ষায় সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন সপ্তাহ ধরে দেশে লকডাউন চলছে। কিন্তু পত্রপত্রিকায় দেখা যায়, শহরগুলোতে যথাযথভাবে লকডাউন পালিত হচ্ছে না এবং জনপ্রশাসন মন্ত্রণালয় আরোপিত স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে প্রতিপালন না করার প্রবণতা মানুষের চলাফেরায় পরিলক্ষিত হচ্ছে। ফলে দেশে কার্যত লকডাউন কার্যকর হচ্ছে না এবং করোনার সংক্রমণ ও মৃত্যুর হারও কমছে না।

 

‘দেশের জনগণকে করোনার মরণ থাবা থেকে রক্ষায় সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি প্রতিপালনে বাধ্য করতে এবং সবক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর লকডাউনের মাধ্যমে সংক্রমণ ও মৃত্যুহার কমাতে সারাদেশে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েনের কোনো বিকল্প নেই। সেনাবাহিনীই পারে দেশে কার্যকর লকডাউন পালনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।’

 

এছাড়া, দেশে দিনের পর দিন যে হারে করোনায় আক্রান্ত রোগী বেড়ে চলেছে এবং যে পরিমাণ করোনা রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে তাতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে কর্তব্যরত ডাক্তার ও নার্সরা হিমশিম খাচ্ছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

 

‘অতএব উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়রে অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের প্রতিটি উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে ফিল্ড হসপিটাল তৈরি করে করোনা রোগীদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা জনস্বার্থে সময়ের দাবি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here