সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুর নগরীর করণজাই ব্রীজের সামনের একটি বিদ্যুতের খুঁটির তারে আটকা পড়া এক অজ্ঞাত যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ওই যুবক তারে আটকা পড়ে ঝুলন্ত ছিল।
সোমবার সাড়ে চারটার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের টার্মিনাল রোডস্থ করণজাই ব্রীজের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার শিকার যুবকের নাম পরিচয় জানা যায়নি। ১১ হাজারের ভোল্টেজের তারে আটকা পড়ে ওই যুবকের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। কখন ও কিভাবে যুবকটি বিদ্যুতের খুঁটিতে উঠে তারে আটকা পড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে বাহিরে বের হয়ে বিদ্যুতের খুঁটিতে আগুন দেখতে পারেন। কাছে গিয়ে তারে আটকা পড়া এক যুবককে দেখা ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসে খবর দেন।
পরে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামাদি ও উদ্ধার কর্মীরা আসতে দেরি হওয়ায় মৃত্যু যন্ত্রণায় দেড় ঘণ্টার বেশি সময় তারে ঝুলন্ত থাকতে হয় যুবকটিকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুলন্ত যুবককে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়।
কিভাবে ওই যুবক বিদ্যুতায়িত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম শামসুজ্জোহা।
তিনি বলেন, জীবিত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে উদ্ধার করা হয়। শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে।আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
