তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক মিয়া (৩০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেকজন।
সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মানিক জেলার মধুপুর উপজেলার আম্বারিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে এবং বেসরকারি সংস্থা সোস্যাল এডভান্সডম্যান্ট থ্রো ইউনিটি (সেতু) ভূঞাপুর শাখার ক্রেডিট অফিসার-২ (মাঠকর্মী) হিসেবে কর্মরত ছিল।
এডভান্সডম্যান্ট থ্রো ইউনিটি (সেতু) ভূঞাপুর শাখা ব্যবস্থাপক শাহতাব উদ্দিন বলেন, মানিক ও তাহেরুল অফিসের কাজ শেষে মোটরসাইকেল যোগে ভূঞাপুর বাজারে ইফতারি কিনতে গিয়েছিলেন। এসময় বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মানিক ঘটনাস্থলে মারা যায়। পরে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।
ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিন্দিতা রানী পাল বলেন, দুর্ঘটনায় দুইজনের মধ্যে মানিক নামের একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব বলেন, ঢাকা থেকে আসা মেসার্স আশরাফি ট্রান্সপোর্ট নামের একটি কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
