টাঙ্গাইলে প্রাইভেটকারসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি প্রাইভেটকার, ছিনতাই করা টাকা ও ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করে পুলিশ।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন ওয়ালটন গ্রুপে চাকরি করা টাঙ্গাইল সদরের দুই বাসিন্দা মো. হুমায়ন কবির ও আবু তাহের আলী।

 

তখন একটি প্রাইভেটকার এসে যাত্রী ডাকতে থাকে। পরে তারা বাস না পেয়ে ৩০০ টাকা ভাড়া চুক্তি করে ওই প্রাইভেটকারযোগে যাত্রা শুরু করে। পথিমধ্যে প্রাইভেটকারে থাকা অপর ৩ ছিনতাইকারী ও মলম পার্টির সদস্যরা তাদের জিম্মি করে এবং সাথে থাকা সবকিছু ছিনিয়ে নেয়।

 

তাদের মারধরের পর পুষ্টকামুরী চরপাড়া এলাকায় গিয়ে চোখে বিষাক্ত মলম লাগিয়ে তাদের রাস্তার পাশে ফেলে আবারও ঢাকার দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তারা পুলিশের সাহায্য নিয়ে গাড়িযোগে মহাসড়কের শুভ হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার নতুন শ্রীনগর গ্রামের মৃত ইলিয়াস হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (২৭), একই জেলার সদর উপজেলার কালীচন্না গ্রামের মো. চান মিয়ার ছেলে মো. নূর আমিন (২৪), বরগুনা জেলার আমতলী উপজেলার বলইবুনিয়া গ্রামের মো. মাজেদ মৃধার ছেলে মো. নজরুল মৃধা (৩২), শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচর গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মো. মুরাদ মিয়া (২৫)।

 

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন পিপিএম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার তাদের টাঙ্গাইল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে বিজ্ঞ বিচারক তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *