ফারুক হোসেন, যশোর প্রতিনিধি: সর্বাত্মক লকডাউনের ৬ষ্ট দিনে যশোরে সাধারণ মানুষের চলাচল আরো বেড়েছে। সেইসাথে রিকশা, ভ্যান, মোটরসাইকেল এবং ইজিবাইকসহ বিভিন্ন ধরণের যানবাহনের সংখ্যাও বেড়েছে।
ঘরে থেকে বের হয়ে আসাদের দাবি প্রয়োজনের কারণেই তারা বের হয়েছেন। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহণ। যে কারণে কেন্দ্রীয় বাসটার্মিনাল ছিল জনশূন্য।
এদিকে সোমবার (১৯ এপ্রিল) সকালে যশোর শহরের মুজিব সড়ক, রেল রোড ও শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় সাধারণ মানুষের ব্যাপক চলাচল লক্ষ্য করা গেছে। যা পূর্বের ৫ দিনের তুলনায় বেশি।
শহরে পুলিশের একাধিক চেকেপাস্টে বাইরে বের হবার কারণ জিজ্ঞাসা ছাড়া তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি। বড়বাজারে বিপনী বিতানগুলোর সামনে দেখা গেছে প্রচুর মানুষের উপস্থিতি। যারা মূলত দোকান কর্মচারী।





