Home জাতীয় ‘যারা আ.লীগ করে তারা মুসলমান নয়’ বলায় নুরের বিরুদ্ধে মামলা

‘যারা আ.লীগ করে তারা মুসলমান নয়’ বলায় নুরের বিরুদ্ধে মামলা

0
68

নজর২৪, ঢাকা- যারা আওয়ামী লীগ করে তারা কেউ মুসলমান নয়- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের এমন বক্তব্যে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি নুর।

 

রোববার (১৮ এপ্রিল) আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

 

থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার অভিযোগে বলা হয়, ভিপি নুর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডির মাধ্যমে লাইভে এসে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যসহ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন।

 

যার উল্লেখযোগ্য বক্তব্য হলো- কোনও মুসলমান আওয়ামী লীগ হতে পারে না, যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার। প্রকৃত কোনও মুসলমান আওয়ামী লীগ হতে পারে না।

 

এদের কোনও ঈমান নাই। শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে আর পাঁচ ওয়াক্ত নামাজের কোনও খবর নাই। আওয়ামী উগ্রবাদীরা আলেম-ওলামাদের চরিত্রহনন করে ইত্যাদি উস্কানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন বক্তব্য প্রদান করেছে।

 

এজাহারে বলা হয়েছে, এই সকল ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি, ফেসবুক পেইজ হতে পোস্ট ও শেয়ার করা হয়েছে। যাতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন।

 

যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্ট রয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে সাধারণ সরলমনা জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজে নিজেকে জড়িয়ে ফেলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here