‘স্বাধীন দেশে শ্রমিকরা গুলি খেয়ে মরবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না’

নজর২৪ ডেস্ক- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনার পর এই সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

 

এ সময় তিনি বলেন, উন্নয়ন উন্নয়ন করে দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে এই সরকার। এই সরকারের হাতে মানুষের জীবন নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়।

 

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার বিকেলে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

 

মাহমুদুর রহমান মান্না বলেন, নিরীহ শ্রমিকরা তাদের ন্যায্য দাবি জানাতে গিয়ে স্বাধীন দেশে গুলি খেয়ে মরবে, স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে কর্তৃপক্ষের কাছে পাওনা বেতনসহ অন্যান্য দাবি পেশ করতে চেয়েছিলেন শ্রমিকরা। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে তাজা প্রাণ কেড়ে নিল। এ ঘটনার পর সরকারের এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই।

 

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার জনগণের কোনো দাবি মানবে না; কেবল অত্যাচার-নিপীড়ন চালাবে, গুলি করে মানুষ মারবে- তা হতে দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *