একমাস পর করোনা নেগেটিভ হলেন রিজভী

নজর২৪, ঢাকা- দীর্ঘ এক মাস পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। শুক্রবার (১৬ এপ্রিল) ষষ্ঠবারের মতো বিএনপির এই নেতার করোনা পরীক্ষা করা হয় এবং শনিবার রিপোর্ট নেগেটিভ আসে।

 

আজ শনিবার দুপুরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

চিকিৎসক বলেন, ‘রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হওয়ায় ও করোনার নেগেটিভ রিপোর্ট আসায় তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে করোনা ইউনিটের অধীনে কেবিনে তাঁর চিকিৎসা চলছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশনের উন্নতি হলেও তাঁকে নরমালি অক্সিজেন দেওয়া হচ্ছে। সবমিলিয়ে তাঁর শারীরিক অবস্থা ভালো।’

 

রফিকুল ইসলাম বলেন, রিজভী স্বাভাবিক খাবার খেতে পারছেন। নিজে নিজে হাঁটাচলা ও নড়াচড়া করতে পারছেন।

 

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভীসহ অন্যান্য অসুস্থ নেতাদের সার্বিক খোঁজ-খবর রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *