কক্সবাজারে অস্ত্রসহ ডাকাতি মামলার আসামি গ্রেফতার

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের পূর্ব কলাতলী থেকে দেশীয় তৈরী অস্ত্র ও ১ রাউন্ড গুলিসহ রায়হান (২১) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে বখতিয়ারঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বাদশাহঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ২ টি মামলা রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

 

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের বখতিয়ারঘোনা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ ধাওয়া করে রায়হানকে আটক করে।

 

এসময় তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *