সরকার দেশটাকে একটি কারাগারে পরিণত করেছে: শীর্ষ ওলামা-মাশায়েখ

নজর২৪ ডেস্ক- দেশের বর্তমান অস্বস্তিকর পরিস্থিতিতে দেশবরেণ্য ওলামা-মাশায়েখরা গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তারা দেশ ও জনগণের কল্যাণ কামনায় মসজিদগুলো তারাবিহসহ সকল ইবাদতের জন্য উন্মুক্ত করা এবং কুরআনে কারিমের তিলাওয়াতের জন্য মক্তব-হিফজখানা গুলো খুলে দেয়ারও আহ্বান জানান।

 

মঙ্গলবার বিকালে দেশের শীর্ষ ওলামাদের এক টেলি কনফারেন্সে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

 

এক বিবৃতিতে তারা বলেন, বর্তমান সরকার দলীয় প্রশাসন ভিন্ন মতাবলম্বীদের জন্য দেশটাকে একটি কারাগারে পরিণত করে রেখেছে। কোনো সম্মানিত ব্যক্তির ইজ্জত সম্মানের কোনো তোয়াক্কা নেই। দেশের সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নেই। এভাবে একটি সভ্য জাতি মান-সন্মান নিয়ে টিকে থাকতে পারে না।

 

সুতরাং আমরা পরিষ্কার বলে দিতে চাই, এ দেশের মানুষের আস্থার প্রতীক, আদর্শ ও শান্তিপ্রিয় সমাজ বিনির্মাণের চালিকা শক্তি ওলামায়ে কেরামদের ওপর জেল-জুলুম নির্যাতন বন্ধ করুন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দিন। শত শত আহত রুগীর সুচিকিৎসা নিশ্চিত করুন। নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করুন।

 

তারা বলেন, বিগত ২৬, ২৭ ও ২৮ মার্চের পরিস্থিতির পরবর্তী হালাত দেশবাসীর সামনে স্পষ্ট। দেশের আলেম-ওলামার বিরুদ্ধে যেভাবে মিথ্যাচার ও মানহানিকর আচরণ করা হচ্ছে, এতে মনে হচ্ছে- আলেম-ওলামারা কোনো ভিন দেশী নাগরিক। এ পরিস্থিতি চলতে থাকলে কেউ আল্লাহর পাকড়াও থেকে রেহাই পাবে না। নিরীহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করা এবং শত শত নিরাপরাধ মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়ে আবার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।

 

বিবৃতিতে আরো বলা হয় যে শুধু তাই নয়, আমীরে হেফাজত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে নতুন করে মিথ্যা হত্যা মামলায় জড়ানো হয়েছে, হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা ইলিয়াছ হামিদী, মুফতী শরীফুল্লাহ ও মুফতী বশিরুল্লাহসহ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে চারজন, ভোলায় সাতজন, সিলেটে সাতজন, গাজীপুরে চারজন নরসিংদীতে একজনকে ডিবি অফিসে হয়রানি ও গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এহেন পরিস্থিতিতে ওলামা-মাশায়েখসহ দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।

 

শীর্ষ ওলামারা আরো বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও এ মাসের অপরিসীম ফজিলত লাভের আশায় দেশ ও জনগণের কল্যাণ কামনায় মসজিদগুলো তারাবিহসহ সকল ইবাদতের জন্য উন্মুক্ত করে দিন, কুরআনে কারিমের তিলাওয়াতের জন্য মক্তব-হিফজখানা গুলো খুলে দিন। সারা দেশে করোনা নামক মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য উপরোল্লিখিত দাবিগুলো মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানাচ্ছি। আল্লাহপাক করোনা নামক মহামারী থেকে দেশবাসীকে হেফাজত করুন।

 

বিবৃতিতে যারা সম্মতি জ্ঞাপন করেছেন-
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, আল্লামা ইয়াহইয়া হাটহাজারী, আল্লামা হাফেজ তাজুল ইসলাম, আল্লামা নূরুল ইসলাম জিহাদী, আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, আল্লামা আবুল কালাম, আল্লামা আব্দুল আউয়াল, আল্লামা উবায়দুল্লাহ ফারুক বারিধারা, আল্লামা আব্দুর রব ইউসুফী,

 

আল্লামা মুফতী মোবরক উল্লাহ, আল্লামা সাজেদুর রহমান, আল্লামা নুরুল ইসলাম খান দরগাহপুর মাদরাসা, আল্লামা মহিউল ইসলাম বুরহান, মুহতামিম রেঙ্গা মাদরাসা, আল্লামা মাহফুজুল হক, ড. আহমদ আব্দুল কাদের, এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, আল্লামা জুনায়েদ আল হাবীব, মাও. ফজলুল করীম কাসেমী, মাও. হাবীবুল্লাহ মিয়াজী, মাও. নাসীরুদ্দীন মুনীর, মুফতী মনীর হোসাইন কাসেমী বারিধারা, মাও. মীর ইদ্রিস, মাও. আহমদ আলী কাসেমী, মাও. জালালুদ্দীন আহমদ, মাও. আতাউল্লাহ আমিন,

 

মাও. আব্দুল কুদ্দুস মানিকনগর, মাও. জসীম উদ্দীন, মাও. মুজিবুর রহমান হামিদী, মাওলানা মুছা বিন আজহার, মুফতী ছাখাওয়াত হোসাইন রাযী, মাও. ইউনুছ রংপুর, মাও. ইসমাইল নুরপুরী, মুফতী আব্দুর রহীম, মাও. মোহাম্মাদুল্লাহ জামী, মুফতী মাসউদুল করীম, মাওলানা যাকারিয়া নোমান ফয়যী ও মুফতী আজহারুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *