শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালয় কয়েক দিনের ব্যবধানে আবারো মিনিট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চা বাগান স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ আহমদ (৯৫) জোয়ারিয়ানালা ইউনিয়নের মিঠাছড়ি এলাকার মৃত মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- রাস্তা পারাপারের সময় দ্রুতগতির (চট্টমেট্টো অ -১১-০৩২৪) নম্বরের এক মিনি ট্রাক মমতাজ আহমদকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন-ওই স্থানে গত শুক্রবার (৯ এপ্রিল) মিনিট্রাকের ধাক্কায় স্থানীয় বাসিন্দা গাড়ি চালক শরীফ প্রাণ হারান। দুমাস পূর্বে এখানে প্রাণ হারান অপর এক কলেজ ছাত্রী। কয়েকবছরে এ স্টেশনে দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে আরো একাধিক ব্যক্তির। আহত হয়ে অসহায় জীবনও পার করছেন অনেকে।
বাজারের ব্যবসায়িরা জানান, এ স্থানটি দীর্ঘদিন ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে সড়কটি অবস্থাও নাজুক। একপাশে উঁচু, অন্যপাশে অনেক নিচু। যে কারনে এ স্টেশন পার হওয়ার সময় গাড়িগুলো একপাশে হেলে পড়ে। যে কারণে প্রায়সময় এখানে দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান-সড়ক ব্যবস্থাপনার পাশাপাশি রামুতে সুষ্ক মৌসুমে মিনিট্রাকগুলো বেপরোয়াভাবে চলাচল করে। প্রতিবছর মিনিট্রাক চাপায় বাড়ছে মানুষের মৃত্যুর মিছিল। উন্নত সড়ক ব্যবস্থার পাশাপাশি এসব মিনিট্রাকের দৌরাত্মও নিয়ন্ত্রণের দাবি সর্বস্তুরের জনসাধারণের।
