ওবায়দুল কাদেরের বাড়িতে ঢুকে ২ পুলিশকে পি’টিয়ে আহত

নজর২৪, নোয়াখালী- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড়রাজাপুর গ্রামের বাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

 

এতে নেজাম উদ্দিন ও শোভন বড়ুয়া নামে ২ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় ওবায়দুল হক হৃদয় (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় ফেনী জেলার সোনাগাজী পৌরসভা ৭নং ওয়ার্ডের মৃত এমদাদুল হক মানিকের ছেলে।

 

শুক্রবার (৯ এপ্রিল) বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত যুবক ও পুলিশ সদস্যদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

 

পুলিশ জানায়, শুক্রবার বিকালে ওবায়দুল হক হৃদয় সিএনজি অটোরিকশাযোগে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক দায়িত্বরত পুলিশ কনস্টেবল নিজাম উদ্দিনের বুকে লাথি মেরে পুনরায় ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত অপর পুলিশ শোভন বড়ুয়া বাধা দেন।

 

এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অভিযুক্ত যুবক ওবায়দুল হক হৃদয় ও তাকে বহন করা সিএনজি অটোরিকশাসহ পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, শনিবার (১০ এপ্রিল) দুপুরে ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির গেটে গিয়ে ওই যুবক মন্ত্রী মহোদয়কে খুঁজতে থাকেন। কর্তব্যরত পুলিশ বাড়িতে ওবায়দুল কাদের সাহেব নেই বলার পরও ওই যুবক জোর করে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়।

 

এতে সে ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত কনস্টেবল নিজাম উদ্দিনকে লাথি ও কিল-ঘুষি মেরে আহত করে। পরে তাকে আটক করে মামলা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *