নজর২৪, ঢাকা- করোনার দ্বিতীয় সংক্রমণ রোধে চলমান ৭ দিনের সরকারি নির্দেশনা লকডাউন নয়, এটি কঠোর নিষেধাজ্ঞা বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৫ এপ্রিল) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে দুপুরে ব্রিফিং করে এ কথা জানান তিনি।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে আগামী সাত দিনের লকডাউন শুরু হয়েছে। এ দফায় আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এবং সরকারের মন্ত্রিসভার দুই সদস্য লকডাউন বললেও, সরকারের ১১ দফা সিদ্ধান্তকে লকডাউন বলতে নারাজ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি এটিকে বলছেন নিষেধাজ্ঞা।
লকডাউন বাস্তবায়ন প্রশ্ন করা হলে সচিব বলেন, ‘নিষেধাজ্ঞা বলেছি কিন্তু, আমরা লকডাউন ঠিক বলিনি।’
তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা বলেছি, আমরা লকডাউন ঠিক বলি নাই। আমরা বলে দিয়েছি অফিস-আদালত যত কম লোক দিয়ে অফিস চালাতে পারে। তবে দেখি আমরা ৭ দিন পর কী অবস্থা হয়। এরপর বৃহস্পতিবার আবার সিদ্ধান্ত নিব।’
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, আমরা দেখি কী হয়। মানুষকে কো-অপারেট করতে হবে। আপনারা তো বার বার বলছেন। কিন্তু এখনো পুরোপুরি কো-অপারেশন…। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না।
এখন যে পরিস্থিতি আছে এমন পরিস্থিতি থাকলে কি লকডাউন বাড়ানো হবে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেখি আমরা, বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করছি।
লকডাউন শুরু হলো, অফিসে কত শতাংশ উপস্থিত থাকবে, ৫০ শতাংশ নিয়ে চলবে কিনা, সব মন্ত্রণালয় খোলা থাকবে কিনা- এসব প্রশ্নের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, আমরা বলে দিয়েছি কমফোর্ট অনুযায়ী কমানোর জন্য। অফিস চালানোর জন্য যতটুকু দরকার, ততটুকু থাকবে।
