নজর২৪, বেনাপোল- বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
রবিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে নো-ম্যান্সল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।
উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, যশোর সেনানিবাসের কর্নেল আনোয়ার হোসেন ও ভারতের পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের কর্নেল আর কে সাজেত। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ব্রিগেডিয়ার জেনারেল জে এস সিমা ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফাহিম তালহা।
বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে ঘোড়াগুলোকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১০ নভেম্বর বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছিলো।
জানা যায়, দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদারে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে প্রশিক্ষণপ্রাপ্ত এ ধরনের ঘোড়া ও কুকুর উপহার দিয়ে থাকে। তারই অংশ হিসেবে আজ রোববার ১৫টি ঘোড়া বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দেয়।
