‘ডিবিসি টেলিভিশন’ অফিসের সামনে হেফাজত কর্মীদের বিক্ষোভ

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর সংবাদ প্রকাশের জেরে একটি বেসরকারি টেলিভিশনের সামনে জড়ো হয়ে হেফাজত সমর্থকরা নানা আপত্তিকর স্লোগান দিয়েছেন।

 

তাদের এই অবস্থানে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন টেলিভিশন চ্যানেলটির কর্মীরা। তারা পুলিশের নিরাপত্তাও চায়। তবে শেষ পর্যন্ত কোনো গোলযোগ হয়নি।

 

রোববার (০৪ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজ এর সামনে ঘণ্টাব্যাপী সময় অবস্থান করে মামুনুলের কয়েক শ সমর্থক।

 

ব্যানারে ‘মহাখালীর সর্বস্তরের জনগণ’ এর কথা উল্লেখ থাকলেও অংশগ্রহণকারীরা হেফাজতের কর্মী সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্যানারে ডিবিসি, ৭১ টেলিভিশন ও সময় টেলিভিশনের নাম উল্লেখ করা ছিল।

 

হঠাৎ কয়েক শ মানুষের অবস্থানে ভীতিকর পরিস্থিতির তৈরি হয়েছিল বলে জানান ডিবিসির প্রধান সম্পাদক এম মঞ্জুরুল ইসলাম।

 

তিনি বলেন, ‘আমাদের সহকর্মীরা যে পথে আসা-যাওয়া করে সেটা বন্ধ করে তারা অবস্থান নিয়েছিল। অফিসের ভেতরে আমরা যতটা সতর্ক থাকা যায়, থেকেছি। ওরা সন্ধ্যায় আযান হওয়ার পর মোনাজাত করে চলে যায়।’

 

এম মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা অফিসে মিটিং করছিল। হঠাৎ আমাদের একজন সহকর্মী এসে জানাল, অফিসের সামনে কয়েকজন অবস্থান নিয়েছে। নিচে লোক পাঠিয়ে জানলাম, কয়েক মিনিটের মধ্যে দুই-তিন শ লোক জড়ো হয়ে যায়। হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে হেয় করার অভিযোগে তারা বিভিন্ন স্লোগান দেয়।’

 

তারা কী বলছিল, এমন প্রশ্নে মঞ্জুরুল বলেন, ‘তারা বলছিল সময়, ৭১, ডিবিসির খবরের তদন্ত করতে হবে। মিথ্যা খবর পরিবেশনের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

 

মামুনুল সমর্থকদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা গণমাধ্যম যা ঘটে তা প্রচার করি। সেই প্রচারে কারও পক্ষে যায়, কারও বিপক্ষে যায়। এগুলো তাদের নিজস্ব মূল্যায়ন। আমরা তো বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের চেষ্টা করি। এতে কেউ ক্ষুব্ধ হলে প্রতিবাদ করতেই পারে। কিন্তু তা যদি হঠাৎ করে অফিসের সামনে শতশত মানুষ নিয়ে করা হয় তাহলে আমি মনে করি তা মিডিয়া কর্মীদের উপর চাপের সৃষ্টি হয়।’

 

ডিবিসি নিউজের সামনে হেফাজত কর্মীদের অবস্থান প্রসঙ্গে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘মামুনুল হকের কিছু সমর্থক অবস্থান নিয়েছিল। তারা সন্ধ্যার আগে চলে গেছে। আমাদের ফোর্স এখনও টেলিভিশন চ্যানেলটির সামনে অবস্থান করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *