নজর২৪ ডেস্ক- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে ডুবে যাওয়া লঞ্চটি ও নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ চালাচ্ছে উদ্ধারকারী জাহাজ প্রত্যেয়, নৌপুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে লঞ্চডুবির ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএ এর পরিচালককে প্রধান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে রাবিতা আল হাসান নামের একটি যাত্রীবাহী লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। ওইসময় মালবাহী দ্রুতগামী একটি জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। তাদের অনেকেই সাঁতরে তীরে উঠেছেন। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জ নৌপুলিশের ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, শীতলক্ষ্যা নদীতে চায়না ব্রিজের নিচে সাবিত আল হাসান নামের একটি লঞ্চ ডুবেছে। ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। লঞ্চে থাকা অনেক যাত্রী নিঁখোজ রয়েছেন।
