নজর২৪, ঢাকা- মামুনুল হক ইস্যুতে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যের পর তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি।
রোববার (০৪ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে হেফাজতে ইসলামের ডাকা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রাজি।
তিনি বলেন, হেফাজত রাজনীতি করে না, তবে হেফাজতের সাথে সংঘর্ষ হলে কারও গদি টিকে থাকবে না।
সাখাওয়াত হোসেন রাজি বলেন, গতকালে যে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে সরকার দলীয় অঙ্গ সংগঠনের নেতারা তাতে আজ ঢাকায় কমপক্ষে পাঁচ লাখ লোকের সমাগম হতো। কিন্তু এবং এর জন্য হেফাজতের পাঁচ ঘণ্টাও অপেক্ষা করতে হতো না। আমরা কোনভাবেই সংঘাতে জড়াতে চাই না। আমরা এখনও প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই। তাদের বিবেক ও মানবতাবোধ জাগ্রত করতে চাই।
হেফাজতের এই বলেন, ‘একজন সতী-সাধ্বী নারীর ওপর অপবাদ আনা হচ্ছে। এজন্য আল্লাহর গজব পড়বে। কী করে জাতীয় সংসদে এক নারীর চরিত্র নিয়ে এভাবে কথা বলা হয়? একজন নারীর চরিত্রে কলঙ্ক লাগানোর চেষ্টা হয়েছে। যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
তিনি বলেন, মামুনুল হক সম্পূর্ণ শরিআহ মেনে দ্বিতীয় বিয়ে করেছেন। তার কাছে তথ্য-উপাত্ত চাওয়া যেতে পারে। কিন্তু তাদের হেনস্তা করার কোনো অধিকার কারও নেই।
প্রতিবাদ সভা হলেও অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা সাখাওয়াত হোসেন রাজীকে বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় তিনি কিছু কিছু প্রশ্নের উত্তর দেন। আবার অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যান। মামুনুল হক কোথায় ও কবে দ্বিতীয় বিয়ে করেছেন- সাংবাদিকরা জানতে চাইলে রাজি বলেন, বিষয়টি তার ব্যক্তিগত। যার উত্তর দেবেন মামুনুল হক।
মামুনুল হকের বিষয়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি করা হবে কি না, জানতে চাইল রাজী কোনো উত্তর দেননি। তবে তিনি বলেন, আমরা নারীর সম্মানে বিশ্বাসী। একজন নারীর ওপর অপবাদ আনা হচ্ছে।
