টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা

নজর২৪, ঢাকা- স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল রাতে) তিনি করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি নিজেই এ কথা জানান। অধ্যাপক নাসিমা সুলতানা তার স্ট্যাটাসে লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম।

 

মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’

 

মহামারি করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে গতবছর টানা কয়েকমাস নিয়মিত প্রেসব্রিফিং করার বদৌলতে অধ্যাপক নাসিমা সুলতানা দেশের মানুষের কাছে অতি পরিচিত মুখদের একজন।

 

স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা গত ২৭ জানুয়ারি দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের দিন টিকাও গ্রহণ করেছিলেন। টিকা গ্রহণের দুই মাসেরও বেশি সময় পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

 

এদিকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমও করোনায় আক্তান্ত হয়ে বাসায় আইসোলেশন আছেন। আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের আরও কর্মকর্তা-কর্মচারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *