নজর২৪, নোয়াখালী- বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘মওদুদ সাহেব মারা গেছেন, আমি তিন দিনের শোক করেছি। শোক পালন করে কি আমার দলের ইজ্জত নষ্ট হয়েছে? আমাকে শোকসভা করতে দেওয়া হয়নি। যারা করতে দেয়নি তাঁদের সম্মানহানি হয়েছে, আমার সম্মানহানি হয়নি।’
বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অনুষ্ঠানে কাদের মির্জা এসব কথা বলেন। এসময়য় তিনি আরও বলেন, মওদুদ আহমদ মারা গেছেন, ওনার গুনাহর ভাগ বাড়বে না এটাতে। যারা এটা করতে দেয়নি, তারা এটার খেসারত দেবে।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই কাদের মির্জা ওই অনুষ্ঠানে উপস্থিত তাঁর অনুসারীদের উদ্দেশে বলেন, ‘আমার স্পষ্ট বক্তব্য, পরমতসহিষ্ণু রাজনীতি আমাদের করতে হবে। অতীতে ভুলত্রুটি আমাদেরও ছিল। আমরা এটা আর দেখতে চাই না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি-জামায়াত এলাকাছাড়া, মামলা-হামলার শিকার। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ এলাকাছাড়া, এটা কি রাজনীতি? আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সহনশীল থাকবেন।’
এদিন বিকেলে স্থানীয় চর কাঁকড়া যুব উন্নয়ন সংস্থা আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শাহীন প্রমুখ।
পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কাদের মির্জা বলেন, আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়ে রাজনীতি করব। আমি নামাজের বিছানায় বসে শপথ করেছি- অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলব।
তিনি বলেন, একটা অপ্রিয় সত্য কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে আজকে দুর্বৃত্তায়ন চলছে, অপরাজনৈতিকদের নিয়ন্ত্রণে যাচ্ছে। এজন্য আজকে রাস্তায় মানুষ বলাবলি করছে- ওবায়দুল কাদের সাহেব নাকি মেরুদণ্ডহীন প্রাণী।





